রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে মো. আলমগীর হোসেন ( ৪৫) নামে এক যুবক আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। আহত আলমগীর বিএনপি’র কর্মী বলে জানা গেছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
গুলিবিদ্ধ আলমগীরের চাচা মো. আশিক জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর- ১১ মিল্লাত ক্যাম্পে চায়ের দোকানে চা খাচ্ছিলেন আলমগীর। এসময় স্থানীয় যুবলীগ নেতা রুবেল ও বাপ্পাসহ ৪ জন একটি প্রাইভেটকার যোগে এসে কিছু বোঝার আগে আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে আমরা খবর পেয়ে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করি। আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও ডান নিতম্বে গুলিবিদ্ধ হয়েছে।
তিনি আরো জানান, আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী ও পাশাপাশি ঢাকার নবাবগঞ্জ থানার বিএনপির কর্মী। তিনি মিরপুর-১১ তিন নং রোডের ব্লক-বি ১৭নং বাসায় থাকতেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, গুলিবিদ্ধ আলমগীরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।
