‘এ রকম আর কারও সঙ্গে যেন না হয়’

‘এ রকম আর কারও সঙ্গে যেন না হয়’

ফন্ট সাইজ:

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া এভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গাইতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান। কনসার্টে নব্বই দশকের এ তারকাকে বোতল নিক্ষেপের ঘটনায় উত্তপ্ত সামাজিক মাধ্যম। সংগীতাঙ্গনের মানুষজনও ক্ষোভ প্রকাশ করে মঞ্চে পারফর্ম করা শিল্পীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে মাইক্রোফোন হাতে সংগীত পরিবেশন করছেন হাসান। হঠাৎ তার দিকে উড়ে আসে একটি বোতল। শরীরের ওপর পড়ায় অপ্রস্তুত হয়ে পড়েন গায়ক। যদিও কিছুক্ষণ পর ফের পারফর্ম শুরু করেন। এদিকে, এ ঘটনায় সংগীতাঙ্গনের মানুষ যে যার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছেন। গানের বাইরেও হাসান বেশ শান্ত ও চুপচাপ স্বভাবের মানুষ।

প্রচারবিমুখ এই মানুষটি এমন ঘটনায়ও ছিলেন অনেকটাই নীরব। সামাজিক মাধ্যমে শুধু এতটুকুই লিখলেন, গান আমাদের ভাষা, স্টেজ আমাদের বাড়ি। আর শ্রোতাদের ভিড় আমাদের শক্তি। শো মাস্ট গো অন। এদিকে গতকাল হাসান মানবজমিনকে বলেন, এ ঘটনায় সত্যি আমি কিছু মনে করিনি। অনেক শ্রোতা-দর্শকদের ভিড় ছিল। সেখান থেকে হঠাৎ একটা বোতল আমার গায়ে এসে পড়ে। হঠাৎ কী থেকে কী হয়ে গেল, বুঝতে পারিনি। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ভালোভাবেই গান শেষ করেছি। তবে আমি চাইবো, সামনে এ রকম আর কারও সঙ্গে যেন না হয়। কারণ শিল্পীরা তো শ্রোতাদের জন্যই গান গায়। হাসান বলেন, যে বোতল মেরেছে সে হয়তো ভুলে মেরেছে। অথবা অন্য কিছু হবে। তবে এ ঘটনায় সংগীতের মানুষরাসহ আমার শ্রোতা-ভক্তরা এতটা ব্যথিত হয়েছেন ও প্রতিবাদ করছেন, এরচেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে আমার জন্য!

আরও পড়ুন:
শীর্ষে আলিয়া

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন