বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত সিপিজিসিবিএল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের চুরির অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় প্রকল্পের আনুমানিক ৪০০-৪৫০ কেজি স্ক্র্যাপ মালামাল উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে প্রকল্পের ‘মগডেইল’ ডিউটি পোস্ট এলাকায় নিয়মিত টহলের সময় দায়িত্বরত আনসার সদস্যরা ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ চোরচক্রকে স্ক্র্যাপ মালামাল চুরির চেষ্টা করতে দেখতে পান।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে টহলে থাকা আনসার সদস্য মো. জমির আলী ও আনসার সদস্য নয়ন দেব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে চোরচক্রের সদস্যদের ধাওয়া করলে তারা চুরি করা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।
উল্লেখ্য, সিপিজিসিবিএল মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্র প্রায়ই চুরির অপচেষ্টা চালিয়ে থাকে। তবে দায়িত্বরত আনসার সদস্যদের নিয়মিত টহল, সর্বোচ্চ সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে প্রতিবারই তাদের চুরির অপচেষ্টা ব্যর্থ হচ্ছে। এতে প্রকল্পের গুরুত্বপূর্ণ সরকারি সম্পদ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
