দুই উইকেটে ৫১ রান নিয়ে আজ প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শুরু করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের করা ২৬৩ রান ছাড়িয়ে স্বাগতিকেরা প্রথম ইনিংস শেষ করে ৩৫৫ রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে এগিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে এই তিন দিনের ম্যাচটিই বাংলাদেশের একমাত্র প্রস্তুতির মঞ্চ। প্রথম দিনে মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করলেও ব্যর্থ হন বাকি ব্যাটসম্যানরা। আজ বোলিংয়েও বেশির ভাগই ছিলেন নিষ্প্রভ, ব্যতিক্রম হাসান মাহমুদ। প্রথম দিনে এক উইকেট পাওয়া এই পেসার আজ নেন আরও তিনটি—১৯ ওভারে পাঁচ মেডেনসহ ৪২ রানে সব মিলিয়ে ৪ উইকেট। গতকাল দুই উইকেটের একটি পাওয়া তাসকিন আহমেদ আজ ১৫ ওভারে চার মেডেন নিয়ে ৫৬ রানে মোট ২ উইকেট নেন। দুটি উইকেট মিরাজেরও। তবে বাকি তিন পেসার ছিলেন বেশ খরুচে।
খালেদ আহমেদ ও ইবাদত হোসেন একটি করে উইকেট পেলেও রান দিয়েছেন দেদারসে—খালেদ ১২.২ ওভারে ওভারপ্রতি ৪.৪১ আর ইবাদত ১৩ ওভারে ৫.০৮ গড়ে। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক হাসানের অবস্থা আরও করুণ, ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন তিনি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পাওয়া তাইজুল ইসলাম আজ বল হাতে নামেননি, তাঁর জায়গায় বোলিং করেন মুশফিক।
অস্ট্রেলিয়া একাদশের হয়ে সেঞ্চুরি করেছেন টিগ ওয়াইলি, ১৭৭ বলে ১৩০ রান। ফিফটি পেয়েছেন জেক ডোরান ও কুর্টিস পিটারসনও। দ্বিতীয় ইনিংসে ৫ ওভার ব্যাট করেই দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ক্যাম্পবেল থম্পসনের বলে ক্যাচ তুলে ৬ রানে ফেরেন সাদমান ইসলাম, পরের ওভারে বোল্ড হন মুমিনুল হকও (৬)। ১৩ বলে ৭ রানে অপরাজিত আছেন তানজিদ হাসান।
