ভিনিকে না পেয়ে কাদের দিকে ঝুঁকছে আর্সেনাল?

ভিনিকে না পেয়ে কাদের দিকে ঝুঁকছে আর্সেনাল?

ফন্ট সাইজ:

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে টানার আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি আর্সেনালের। গতকাল রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে সব জল্পনার অবসান ঘটিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তবে হতাশ না হয়ে বিকল্প খোঁজার কাজে নেমে পড়েছে গানাররা। মিকেল আর্তেতার হাতে এখনো আছে বাঁ প্রান্তের নতুন উইঙ্গার আনার তিনটি সম্ভাব্য বিকল্প।

বৃটিশ গণমাধ্যম, দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্সেনাল ভিনিসিয়ুসের সঙ্গে ব্যক্তিগত শর্তে প্রায় সমঝোতায় পৌঁছেও চুক্তি করতে পারেনি। ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান শেষ পর্যন্ত মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর গুঞ্জন ওঠে প্যারিস সেন্ত-জার্মেই তারকা ব্র্যাডলি বারকোলাকে নিয়ে, যাকে চায় লিভারপুলও। তবে পিএসজি আর্সেনাল, লিভারপুলসহ আগ্রহী ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছে যে এই মৌসুমে ফরাসি এই উইঙ্গারকে তারা ছাড়বে না। তার ওপর পিএসজির নির্ধারিত মূল্য ১৩ কোটি পাউন্ড। আর্সেনালের জন্য এ দাম অনেকটা আকাশচুম্বি। এতে বারকোলা অধ্যায়ে অনেকটাই পিছিয়ে পড়েছে গানাররা। আর সেই সুযোগে এগিয়ে যাচ্ছে লিভারপুল। যারা ব্যক্তিগত শর্তাবলি নিয়ে আলোচনায় ইতিমধ্যে বেশ এগিয়ে। আক্রমণভাগ শক্তিশালী করতে অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকেও ভাবনায় রেখেছে আর্সেনাল।

বিশেষভাবে আর্তেতা নিজে এই খেলোয়াড়ের বড় ভক্ত বলে জানা গেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আলভারেজকে কেনার ব্যাপারে সবুজ সংকেতও পেয়েছে আর্সেনাল। তবে বার্সেলোনাও তাকে দলে টানতে আগ্রহী। আলভারেজ নিজেও কাতালান ক্লাবেই যেতে বেশি আগ্রহী। ফলে শেষ পর্যন্ত তিনি স্পেনেই থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তৃতীয় বিকল্প হিসেবে বিবেচনায় আছেন এভারটনের সেনেগালিজ উইঙ্গার ইলিমান এনদিয়ায়ে। এই গ্রীষ্মেই সৌদি প্রো লিগে যাওয়ার গুঞ্জন উঠেছিল তার নামে। ২৬ বছর বয়সী এনদিয়ায়ে গত মৌসুমে এভারটনের হয়ে ৬ গোল করেছেন এবং এবারের বিশ্বকাপে ইরাকের বিপক্ষে গোলও পেয়েছেন। জানা গেছে, আর্সেনালের কর্তারা তাকে বেশ পছন্দ করেন এবং ইতিমধ্যে তার ব্যাপারে অনুসন্ধানও করেছে ক্লাবটি। উইঙ্গার সংকট মেটাতে গিয়ে একাধিক ধাক্কা খেয়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিলার মরগান রজার্সকে দলে টানার চেষ্টা ব্যর্থ হয়। ১১ কোটি ১৭ লাখ পাউন্ড খরচ করে তাকে কিনে নেয় চেলসি।

এদিকে আইভরিকোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেও দলে ভেড়াতে পারেনি আর্সেনাল। তিনি যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। যার চুক্তিমূল্য হতে পারে সর্বোচ্চ ১২ কোটি পাউন্ড পর্যন্ত। তবে আর্সেনালের নজর এবার অ্যাথলেটিক বিলবাওয়ের স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামসের দিকে। সাত কোটি সাত লাখ পাউন্ড মূল্যে ভিনির সম্ভাব্য বিকল্প হতে পারেন তিনি। গ্রীষ্মের শুরুতেই লেয়ানড্রো ত্রোসার্দ তুরস্কের ক্লাব বেসিকতাসে যোগ দেওয়ায় তার জায়গা পূরণে ক্লাব ব্রুজ থেকে গ্রিক উইঙ্গার ক্রিস্তোস টজোলিসকে ৩ কোটি ৪০ লাখ পাউন্ডে দলে ভেড়ায় আর্সেনাল। সবশেষ দুটি প্রীতি ম্যাচে শুরুর একাদশেও ছিলেন তিনি। এছাড়া নিউক্যাসল থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে আনার প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত। হতে পারে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডের চুক্তি।

এদিকে দলবদলের বাজারে আরেকটি বড় খবর, স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ম্যানচেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন। তাকে দলে ভেড়ানোর দৌড়ে আছে রিয়াল মাদ্রিদও, যাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে বার্সেলোনার সঙ্গে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন