আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা (ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী) বলেছেন—তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। আমিও চাই—তিনি দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই কাজ করবে।’
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা এবং প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা অস্বীকার করতে পারি না যে, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার অভিযোগ রয়েছে। তিনি যদি সত্যের মুখোমুখি হতে চান, তাহলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হবেন।’
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, ‘অনেকে বলছেন, তিনি ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়েছেন। কিন্তু সেটি ছিল রেকর্ড করা অডিও, যা নিয়ে এআই-সৃষ্ট হওয়ারও আলোচনা রয়েছে। তিনি দেশে ফিরুন বা বিদেশ থেকেই বক্তব্য দিন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ক্রসফায়ারে সাড়ে চার হাজার মানুষ হত্যা এবং জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।’
আইনমন্ত্রী বলেন, ‘যারা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে বেশি কথা বলছেন, তারা একবার নিজেদের বিবেককে প্রশ্ন করুন—এত অভিযোগ ও ঘটনার পরও তিনি কি কখনও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? একবারও কি তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন?’
