মার্সেলো বিয়েলসার উত্তরসূরি হিসেবে দিয়েগো ফোরলানকে বেছে নিয়েছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল—দুটিরই দায়িত্ব পালন করবেন তিনি।
২০১০ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী ৪৭ বছর বয়সী ফোরলানের সঙ্গে সপ্তাহের পর সপ্তাহ আলোচনার পর চুক্তি চূড়ান্ত হয়েছে। উরুগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, ফোরলানের সঙ্গে আপাতত ২০২৭ সালের মার্চ পর্যন্ত চুক্তি করা হয়েছে, এরপর তার পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরের শেষে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন থাকায় এই মুহূর্তে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনায় যেতে চাইছে না নীতি-নির্ধারকেরা। সেপ্টেম্বর, অক্টোবর ও মার্চের প্রীতি ম্যাচগুলোতে দলের দায়িত্বে থাকবেন তিনি।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে সর্বশেষ দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। এবারের আসরে সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্র করার পর চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নিশ্চিত হয় তাদের। স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরবের পেছনে থেকে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয় উরুগুয়ে। এমনকি নবাগত কেপ ভার্দে তাদের গ্রুপ থেকে নকআউট পর্বে উঠলেও উরুগুয়ে তা পারেনি। মাঠে কিছু কৌশলগত সিদ্ধান্ত এবং অবসর ভেঙে ফার্নান্দো মুসলেরাকে দলে ফেরানোর সিদ্ধান্তের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ৭১ বছর বয়সী আর্জেন্টাইন কোচ বিয়েলসা। টুর্নামেন্ট শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই দায়িত্ব ছেড়ে দেন তিনি।
কোচ হিসেবে ফোরলানের অভিজ্ঞতা এখনও সীমিত। ২০২০ মৌসুমে সাবেক ক্লাব পেনারলের দায়িত্ব দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করলেও মাত্র ১১ ম্যাচ পরই বাজে ফলাফলের কারণে সেই পদ ছাড়তে হয় তাঁকে। ২০২১ সালে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব আতেনাসের দায়িত্বে ছিলেন ১২ ম্যাচ। খেলোয়াড় হিসেবে অবশ্য ফোরলান উরুগুয়ের সর্বকালের সেরাদের একজন। ১১২ ম্যাচে ৩৬ আন্তর্জাতিক গোল করা এই ফরোয়ার্ড ২০১০ বিশ্বকাপে ৫ গোল করে জিতেছিলেন টুর্নামেন্ট-সেরার পুরস্কার গোল্ডেন বল, যা দলকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লুইস সুয়ারেজের সঙ্গী হয়ে ২০১১ কোপা আমেরিকা জয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। স্পেনে ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদে খেলার সময় দুবার জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু, আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০২-০৩ মৌসুমে জিতেছিলেন প্রিমিয়ার লীগ শিরোপা।
