নাটকীয় কূটনীতি বারবার চালিয়ে যাচ্ছেন ট্রাম্প: গালিবাফ

নাটকীয় কূটনীতি বারবার চালিয়ে যাচ্ছেন ট্রাম্প: গালিবাফ

ফন্ট সাইজ:

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘একই নাটকীয় কূটনীতি বারবার চালিয়ে যাওয়ার’ অভিযোগ করেছেন। ইরানে হামলার নির্দেশ দেয়ার পর বারবার তা স্থগিত করার ঘটনাকে কেন্দ্র করে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে গালিবাফ এ কথা বলেন। এর কয়েক দিন আগে ট্রাম্প ইরানে সর্বশেষ পরিকল্পিত হামলা স্থগিত করে দাবি করেন, তেহরানের সঙ্গে একটি চুক্তির ‘মূল কাঠামো’ ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে। তবে ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করে গালিবাফ বলেন, ওয়াশিংটন ব্যর্থ চাপ প্রয়োগের কৌশল হিসেবে কখনো সামরিক হুমকি দিচ্ছে, আবার কখনো আলোচনার প্রস্তাব দিচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এক্সে দেয়া পোস্টে গালিবাফ লিখেছেন, বিরাট হামলা আসছে। দাঁড়ান। আর দরকার নেই। তারা আলোচনা করতে চায়। এটাই বারবার চলতে থাকা নাটকীয় কূটনীতি। তিনি আরও বলেন, ভয় দেখানো, প্রতিশ্রুতি ভঙ্গ ও ভুয়া খবরকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা একটি ব্যর্থ কৌশল। গালিবাফ যুক্তরাষ্ট্রকে ‘বাস্তবতা মেনে নেয়া’ এবং নিজেদের দেয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান।

শনিবার ইরানে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেন ট্রাম্প। তার দাবি, তেহরান ও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছিল। একই সঙ্গে কূটনৈতিক সমঝোতা খুব কাছাকাছি পৌঁছে গেছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের দাবি, সম্ভাব্য চুক্তির ফলে ‘হরমুজ প্রণালির সম্পূর্ণ ও তাৎক্ষণিকভাবে উন্মুক্ত’ হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। এদিকে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে ইরান ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তেহরানের দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলের পথের স্থানাঙ্ক নিয়ে দুই দেশ একমত হওয়ায় চুক্তিটি এখন ‘চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে’।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর আগে পর্যন্ত এটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ছিল। ওই হামলার মধ্য দিয়েই কয়েক মাস ধরে চলা আঞ্চলিক যুদ্ধের সূচনা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন