কক্সবাজারের উখিয়া সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে উখিয়ার এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪-বিজিবি) সূত্রে জানা গেছে, বালুখালী বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিআরএম-২০ পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে, বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৭০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরের ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় আহত হন উখিয়া উপজেলার বালুখালী জুমেরছড়া গ্রামের বাসিন্দা মো. বদিউল আলম (৪৫)। তিনি সোনা মিয়ার ছেলে। বিজিবি’র তথ্যমতে, বদিউল আলম নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারে প্রবেশ করেছিলেন। সেখানে মাইন বিস্ফোরণে তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে। পরে তিনি একই পথ দিয়ে বাংলাদেশে ফিরে আসেন। আহত অবস্থায় তাকে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। উখিয়া ব্যাটালিয়ন (৬৪-বিজিবি) জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিজিবি তৎপর রয়েছে।
মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে উখিয়ার এক ব্যক্তি আহত
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
৭ আগস্ট (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
