ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের দংশনে মো. আকুব্বর শেখ (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আকুব্বর বোয়ালমারী উপজেলার জয়নগর-চরভাগদিয়া গ্রামের মৃত রব্বান শেখের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আকুব্বর রাত ১২টার দিকে সাতৈর বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিষধর গোখরা সাপের লেজে পা পড়লে তার পায়ে দংশন করে।
এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ওঝার কাছে নিয়ে যায়। স্থানীয়রা বলেন, ওঝা ভোররাত পর্যন্ত ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। তাতে কোনো কাজ না হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, ওঝার কাছে নেয়ায় সময় ক্ষেপণ হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে হয়তো বেঁচে যেতো।
