পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে, কোনোভাবেই সেই লক্ষ্য ব্যর্থ হতে দেয়া হবে না। তাই দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। মানুষের অধিকার বঞ্চিত করে কেড়ে নেয়া হয়েছিল বাকস্বাধীনতা।
তিনি দাবি করেন, সেই পরিস্থিতির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়েই জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। তিনি বলেন, বর্তমান সরকার গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। তবে একটি মহল উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। মনজুর বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সরকারি দপ্তরসহ সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে এসব অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। এর আগে সকালে নেছারাবাদে পৌঁছে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন বহুতল ভবনের উদ্বোধন করেন। পরে ত্রাণসামগ্রী বিতরণের পর উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
