বগুড়ার সোনাতলা উপজেলায় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন পল্লী কল্যাণ ট্রেনিং এসোসিয়েশন (পাকটা)। তুরস্কের একটি আন্তর্জাতিক দাতা সংস্থার সার্বিক অর্থায়নে উপজেলার শালিখা এলাকায় এক বর্ণাঢ্য মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। গতকাল শালিখা দারুল হাদিস ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে এলাকার ১১টি দরিদ্র ও বিশুদ্ধ পানির সংকটে থাকা পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপন করে দেয়া হয়। এর পাশাপাশি ১০০টি অসচ্ছল পরিবারের মুখে হাসি ফোটাতে বিতরণ করা হয় খাসির গোস্ত। একইদিনে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মানসম্মত দুপুরের খাবারেরও আয়োজন করা হয়।
পল্লী কল্যাণ ট্রেনিং এসোসিয়েশন (পাকটা)-এর চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আলীম। অনুষ্ঠানে সুদূর তুরস্ক থেকে আগত দাতা সংস্থার প্রতিনিধিদল সরাসরি অংশ নিয়ে সুবিধাভোগীদের হাতে এসব উপহার তুলে দেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আলী জেইবেক, উর্দেমির আদিগুজেল, মুস্তফা ইয়াজ এবং মুহিত্তিন দিশচি।
