ফেনীতে লোডশেডিং, তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন

ফন্ট সাইজ:

অনিয়ন্ত্রিত লোডশেডিং আর গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে ফেনীর স্বাভাবিক জনজীবন। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ায় শহর থেকে গ্রাম-সর্বত্রই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এছাড়া গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে বাসাবাড়ির দৈনন্দিন কাজের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও চলমান বিভিন্ন স্তরের পাবলিক পরীক্ষা ব্যাহত হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ফেনী জেলায় বর্তমানে বিদ্যুতের মোট চাহিদা প্রায় ১৭৫ মেগাওয়াট।

এর মধ্যে গ্রামীণ এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। একই অবস্থা শহরেরও। বিপিডিবি’র আওতাধীন এলাকায় গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা গড়ে প্রায় ৪৫ মেগাওয়াট হলেও সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২৫ মেগাওয়াট, যা মোট চাহিদার অর্ধেকের কাছাকাছি। বিদ্যুৎ বিভাগের কর্তারা বলছেন, চাহিদা ও সরবরাহের মধ্যকার এই বড় ব্যবধানের কারণেই কোনো নির্দিষ্ট সূচি বা শিডিউল মেনে লোডশেডিং দেয়া সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, বিপিডিবি ফেনীর নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানান, জাতীয় গ্রিডে সমস্যা এবং দিনে-রাতে সমানভাবে ঘাটতি বিদ্যমান থাকায় নির্ধারিত সময়সূচি বজায় রাখা যাচ্ছে না। এদিকে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বর্তমানে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান থাকায় বিদ্যুৎ বিভ্রাটে পড়াশোনা ও কেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণ কঠিন হয়ে পড়েছে। জেলায় টানা ছয় দিন ধরে বাসা-বাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাস সংকট দেখা দিয়েছে। জেলার ১০টি সিএনজি ফিলিং স্টেশনের কোনোটিতেই স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ হচ্ছে না। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সিএনজি অটোরিকশা চালকেরা। সিএনজি স্টেশন কর্মীরা জানান, কম্প্রেশন মেশিনে গ্যাসের প্রেশার একেবারেই কম থাকায় রিফুয়েলিং বন্ধ রাখতে হচ্ছে। গ্যাস সংকটের অযুহাতে সিএনজি চালিত বাস ও অটোরিকশায় ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে পরিবহন মালিক ও চালকরা। এ নিয়ে চালক-হেলপারের সঙ্গে যাত্রীদের প্রতিনিয়ত কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর ফেনীর ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামান জানান, এটি জাতীয় পর্যায়ের সংকট যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন