দৌলতপুরে দুর্ঘটনায় নিহত তিন বন্ধুকে পাশাপাশি কবরে সমাহিত

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেণি পড়া ৩ বন্ধুকে পাশাপাশি কবরে সমাহিত করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জানাজা শেষে দুই বন্ধুর কবরের পাশেই চিকিৎসাধীন অবস্থায় সাইফ হোসেন (১৪) মারা গেলে তার দাফন সম্পন্ন করা হয়। গত রোববার রাতে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাইফ হোসেনের মত্যু হয়। নিহতরা দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। একই গ্রামের ৩ বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এর আগে শনিবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় দুই বন্ধু রহমত আলী (১৪) ও সাহাবী হোসেন (১৪)। আশঙ্কাজনক অবস্থায় সাইফ হোসেনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে তার মৃত্যু হয়। দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাইফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ৩ বন্ধুকে তাদের নিজ গ্রামের একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।