রাজধানীর রমনায় বাসায় পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে আটতলা থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নজরুল ইসলাম (৫৫)। তিনি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। সিদ্ধেশ্বরী রোডের র্যাংস গার্ডেন প্যালেসের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে নজরুল পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ উজ্জ্বল হোসেন বলেন, নজরুল সরকারি চাকরি করতেন। তিনি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। রাত ১টার দিকে বাসায় পুলিশ গেলে পেছনের দরজা দিয়ে পালানোর সময় আটতলা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাতে তার মৃত্যু হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
