সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট সন্ধ্যায় মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে পুর্বলন্ডনের একটি স্থানীয় হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের প্রধান সমন্বয়ক ও স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ, যুগ্ন সম্পাদক খালেদ চৌধুরীর সঞ্চালনায় মাহবুব আলী খানের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা শেষে তার আত্নার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ভার্চুয়াল অডিওর মাধ্যমে নিজ বাসভবন থেকে দোয়ায় শরিক হন মরহুমের জামাতা ও বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মরহুমের কন্যা ডাঃ জুবাইদা রহমান।
অনুষ্ঠানে বক্তারা মাহবুব আলী খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়। উপস্থিত অতিথিরা তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশের নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
