বগুড়ায় বাসচাপায় মহাসড়কের পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ৬ শ্রমিক নিহত হয়েছেন। সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় বগুড়া সদর উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এছাড়া কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, ‘ মহাসড়কের পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ৬ জন শ্রমিক বাসচাপায় মারা গেছেন। এদের মধ্যে তিনজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আর ২ জনের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। একজনের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে।’
বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন বলে জানান তিনি।
