মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত

মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত

ফন্ট সাইজ:

সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মাহবুব আলী খানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তার কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় জুবাইদা রহমানের বোন শাহিনা খান জামান এবং তার মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। ওদিকে সন্ধ্যার পর ধানমণ্ডির ‘মাহবুব ভবন’ এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাহবুব আলী খানের জামাতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর ছোট মামা সাঈদ এস্কান্দারসহ মন্ত্রিপরিষদের সদস্য ও বিএনপি’র সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা বাউনিয়াবাদের জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, ভাষানটেক ক্যান্টনমেন্টের জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা, সনমানদি খানবাড়ীর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসাসহ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর প্রায় বিশটি মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
সিলেটের বিরাহিমপুরে পারিবারিক বাসভবনে বাদ জোহর দোয়া, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়। আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহ্জালাল (রা.) ও হযরত শাহ পরাণ (রা.) দরগাহ মসজিদে খত্মে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়। বৃহত্তর সিলেটবাসী এবং স্থানীয় বিএনপি’র বিভিন্ন ইউনিটও পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও কোরআনখানি হয়, আর গাবতলী লাঠিগঞ্জ অন্ধ এতিমখানায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামালপুরের দুরমুটে হযরত শাহ্ কামাল (রা.)-এর মাজারেও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালের ৬ই আগস্ট ইন্তেকাল করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন