মাদক কারবারির ছুরিকাঘাতে যুবক নিহত

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের বন্দরে মাদক কারবারির ছুরিকাঘাতে আমির হোসেন ডালিম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর হত্যাকারী হাবিব (২৫) পালিয়ে যায়। নিহত ডালিম কলাগাছিয়া ইউপির আলী সারদী গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও পেশায় একজন দিনমজুর ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুভকরদী গ্রামের বশির উদ্দিনের ছেলে মাদক কারবারি হাবিব ও আলী সারদী গ্রামের ডালিম রাত ১১টার দিকে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সামনে চায়ের দোকানে বসেছিল। এ সময় মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুইজনের তর্ক হয়। একপর্যায়ে হাবিব কোমর থেকে ছুরি বের করে ডালিমের পেটে এলোপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বন্দর থানার ওসি মো. জামালউদ্দিন জানান, তুচ্ছ বিষয় নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ও হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


চুনারুঘাটে নারী কেলেঙ্ককারি অভিযোগে ইউনিয়ন জামায়াতের সভাপতি বহিষ্কার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সাজলকে নারী-সংক্রান্ত অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের উপজেলা সভাপতি মাওলানা ইদ্রিছ আলী বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন। তাৎক্ষণিকভাবে মাওলানা আ. মতিনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত বুধবার রাত আনুমানিক ২টায় সময় জারলিয়া গজারিয়া পাড়ের প্রতিবন্ধী দিদার মিয়ার স্ত্রীর সঙ্গে অবৈধ মেলামেশার সময় বিক্ষুব্ধ গ্রামবাসী জামায়াত নেতা নুরুল ইসলাম সাজলকে আটক করেন। পরবর্তীতে ন্যায়বিচারের আশ্বাসে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজান মিয়া ও জামায়াত নেতা সাজলের বড় ভাই কাজল মিয়া নিজ জিম্মায় তাকে ছাড়িয়ে নিয়ে আসেন।
এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেন এবং নারী কেলেঙ্কারীর বিষয়টি সত্য বলে প্রমাণিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন