চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা পাচারের সময় সংঘবদ্ধ একটি বাইকার গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
বৃহস্পতিবার সকালে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
আটকরা হলেনÑ কক্সবাজারের রামু উপজেলার ঘোনারপাড়ার মো. বশির (৩৮), কক্সবাজার সদর উপজেলার মানুনপাড়ার বেলাল উদ্দিন (৩২), ঈদগাঁও উপজেলার মধ্যম নাপিতখালীর নুরুল মোস্তফা (২৭), রামুর আমতলীয়া পাড়ার মো. সাইফুল (২৪), রামুর পশ্চিম মেরংলোয়ার মো. হাসান (৩৯) এবং রামুর ঘোনারপাড়ার মো. হোসেন (৩৭)। র্যাব জানায়, কক্সবাজার থেকে একটি সংঘবদ্ধ চক্র মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পটিয়ায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পাঁচটি মোটরসাইকেলে থাকা ছয়জনকে সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় মোটরসাইকেলের বক্সে রাখা ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পাঁচটি মোটরসাইকেলসহ ছয়জনকে আটক করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মোটরসাইকেলের মাধ্যমে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
