সাতক্ষীরায় কোটি টাকার মাদক জব্দ, আটক ১

ফন্ট সাইজ:

সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার ১২ কেজি ‘কুশ’ (কঁংয) নামের নতুন ধরনের মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তারিকুজ্জামান (২৪) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক, মোটরসাইকেল ও মোবাইল ফোনের মোট আনুমানিক মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে এসব জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদে খবর পাওয়া যায়, ‘কুশ’ নামের নতুন ধরনের মাদক মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজার এলাকায় নেয়া হবে। পরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর একটি দল মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়।

পরে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে চালকের কাছ থেকে এসব ‘কুশ’ উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে প্রস্তুত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এর সঙ্গে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (ঞঐঈ) মিশিয়ে তরল, পাউডার বা ট্যাবলেট আকারেও এটি সিনথেটিক মাদক হিসেবে তৈরি ও বাজারজাত করা হচ্ছে। এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন