মৌলভীবাজার মনু প্রকল্পের ভেতর কাউয়াদীঘি হাওরে আমন ধান রক্ষা ও কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাওর পাড়ের কৃষকরা। কৃষি ও কৃষক রক্ষা কমিটির আয়োজনে গতকাল দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তারা অবস্থান নেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন।
কৃষক সমাবেশে বক্তব্য রাখেনÑ আ স ম ছালেহ সোহেল, এম খছরু চৌধুরী, এডভোকেট হুমায়ূন রশীদ সুয়েব, সাদিয়া নোশিন চৌধুরী, প্রফেসর মো. সেলিম, কৃষক নেতা সুলেমান মিয়া, সামছুদ্দিন মাস্টার, মো. খায়রুল ইসলাম, আলমগীর হোসেন, মো. ফজলুর রহমান, জহুর লাল দত্ত, কয়েছ মিয়া, একাটুনার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রুমেল আহমদ প্রমুখ। কৃষকরা পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে বলেন, মনু প্রকল্পের পাম্প দিয়ে নিয়মিত পানি নিষ্কাশন করার কথা। কিন্তু প্রকল্পের ৮টি পাম্প নানা অজুহাত দেখিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এতে কয়েক হাজার হেক্টর আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে রয়েছে। জলাবদ্ধতার কারণে আমনের চারা জমিতে রোপণ করতে পারছেন না। সময়মতো চারা রোপণ করতে না পারলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। তারা সার্বক্ষণিক পাম্প চালু রেখে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানান। কৃষকের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তারা বলেন, যে উদ্দেশ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল এখন তা কৃষকদের কল্যাণে কোনো কাজে আসছে না। বরং তা কৃষক ও কৃষিজীবী মানুষের জীবন-জীবিকায় অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষি ও কৃষক রক্ষা কমিটির নেতৃবৃন্দরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কাউয়াদীঘি হাওর পাড়ের মনু প্রকল্পের উপকারভোগী কৃষকদের ন্যায্য দাবি দ্রুত মানা না হলে তারা কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে দাবি আদায়ের আন্দোলনে সক্রিয় থাকবেন।
