বগুড়ায় ডা. জুবাইদা রহমানের পিতার স্মরণে দোয়া মাহফিল

বগুড়ায় ডা. জুবাইদা রহমানের পিতার স্মরণে দোয়া মাহফিল

ফন্ট সাইজ:

বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক নৌবাহিনী প্রধান ও বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমানের পিতা মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া মূক-বধির বিদ্যালয়ে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানের সূচনায় দেশের এই গুণী ও কৃতী সন্তানের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করা হয়। এরপর মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ভাই পাগলা মাজার মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আব্দুস সালাম। দোয়া শেষে উপস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে প্রীতিভোজের খাবার পরিবেশন করা হয়। আয়োজনের তাৎপর্য তুলে ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শামীম বলেন, মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ছিলেন দেশপ্রেমিক ও দক্ষ এক বীর সন্তান। জাতীয় জীবনে তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে কিছুটা হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।

দোয়া মাহফিলে মরহুম মাহবুব আলী খানের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত প্রার্থনা করা হয়। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পরম করুণাময়ের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন