লিবিয়ায় মাফিয়া দালালদের নির্যাতনে মাদারীপুরের শিবচরের ইকবাল মাদবর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর জানতে পারে পরিবার। ইকবাল শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন সরকারেরচর গ্রামের বাসিন্দা। স্বজনরা জানায়, কয়েকমাস আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য সাগর মাদবর ও কামরুল মাদবরের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে ইকবাল। চুক্তিমতে ২০ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় পরিবার। পরে ইতালির পরিবর্তে ইকবালকে লিবিয়ায় নিয়ে বন্দি করে নির্যাতন চালায় দালালচক্র। চাওয়া হয় মুক্তিপণের ১২ লাখ টাকা।
পরে ধারদেনা করে মাফিয়াদের আরও ৮ লাখ টাকা দেয় তার পরিবার। চাহিদা মতো বাকি ৪ লাখ টাকা না দেয়ায় ইকবালের ওপর শুরু নির্যাতন। পরে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। বৃহস্পতিবার সকালে ইকবালের মৃত্যুর খবর পেলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এই ঘটনায় জড়িত দালাল সাগর মাদবর ও কামরুল মাদবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন শিবচর থানার ওসি কামাল হোসেন।
