লালপুরে ৪৮ ঘণ্টায় ছিনতাই, রহস্য উদ্ঘাটন, দুই যুবক গ্রেপ্তার

লালপুরে ৪৮ ঘণ্টায় ছিনতাই, রহস্য উদ্ঘাটন, দুই যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর বটতলা গ্রামের আলমাছ আলীর ছেলে মো. সবুজ আলী (২০) ও লালপুর উপজেলার ভাদুর বটতলা গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. সোহাগ আলী (১৯)। বৃহস্পতিবার দুপুরে লালপুর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ।

জানা যায়, গত ৪ঠা আগস্ট সকালে উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা জেসমিন নাহার ডাচ্-বাংলা ব্যাংকের লালপুর শাখা থেকে টাকা উত্তোলনের পর ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে যুব উন্নয়ন কমপ্লেক্স সংলগ্ন সেতুর কাছে মোটরসাইকেলে আসা দুই যুবক তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তিনি ভ্যান থেকে পড়ে আহত হন। ব্যাগে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে মেহেরপুর থেকে সবুজ ও সোহাগ নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং লুণ্ঠিত টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ওসি মানবজমিনকে আরও জানান, উদ্ধার হওয়া টাকার বাইরে অবশিষ্ট অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার দু’জনকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন