ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দেশটির কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইয়েমেনের সরকারি বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জন। ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের কর্মকর্তারা বলেন, ইয়েমেনের মারিব ও হাদরামৌত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর শিবিরগুলোতে এই হামলা হয়েছে।
ইয়েমেনের সরকারি বাহিনীর তাদের ক্যাম্পে হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
অন্যদিকে হুতিরা এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে বলেছে যে, একটি ‘বড়’ সামরিক অভিযান নিয়ে শিগগিরই বিবৃতি প্রকাশ করা হবে।
২০২২ সালের এপ্রিলে ইয়েমেনে একটি কার্যত যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর থেকে সর্বশেষ এসব হামলা দেশটিতে সংঘাতের বড় ধরনের বৃদ্ধি পেলো। ওই যুদ্ধবিরতির ফলে ইরান-সমর্থিত হুতি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি আরব নেতৃত্বাধীন জোটের মধ্যে বড় ধরনের লড়াই থেমে গিয়েছিল।
