সোনাইমুড়ীতে খাল খননে ৫২ লাখ টাকা লুটপাট

সোনাইমুড়ীতে খাল খননে ৫২ লাখ টাকা লুটপাট

ফন্ট সাইজ:

নোয়াখালীর সোনাইমুড়ীর শিমুলিয়া-গজারিয়া দুই কিলোমিটার খাল খননে ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা প্রকল্পের সিংহভাগ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘অতি দরিদ্রদের কর্মসংস্থান বিশেষ অনুদান’ খাতের এই প্রকল্পে অনিয়মের প্রমাণ মিলেছে অনুসন্ধানে। প্রকল্পের নীতিমালায় অতি দরিদ্রদের দিয়ে কাজ করানোর বাধ্যবাধকতা থাকলেও তা অমান্য করে এক্সাভেটর (ভেকু) মেশিন দিয়ে নামমাত্র খাল খনন করা হয়।

পরবর্তীতে বরাদ্দের টাকা হাতাতে স্থানীয় দালাল ও জনপ্রতিনিধিদের মাধ্যমে কালুয়াই ও বোরপিট গ্রামের সহজ-সরল নারীদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়। ব্যাংক থেকে এককালীন ৫ হাজার টাকা সহায়তার আশ্বাস দিয়ে ১১৯ জন ভুয়া শ্রমিকের চেক বইয়ের পাঁচটি করে ফাঁকা পাতায় অগ্রিম স্বাক্ষর করিয়ে নেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের কর্মচারীরা। ২০২৫-২০২৬ অর্থবছরের এই প্রকল্পে শ্রমিকদের মজুরি বাবদ ২৫ লাখ ৫৭ হাজার ৭৪০ টাকা এবং লেভেলিং, সরঞ্জাম ও যাতায়াত বাবদ ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা বরাদ্দ ছিল। গত ২০শে জুলাই শ্রমিকদের প্রত্যেকের অ্যাকাউন্টে ২১ হাজার ৫০০ টাকা জমা হলে পিআইও অফিসের কর্ম সহকারী মো. আব্দুল কুদ্দুস ও কম্পিউটার অপারেটর মো. আল মামুন বাড়ি বাড়ি গিয়ে হুমকি বা ব্যাংকে মেসেজ আসামাত্রই ফাঁকা চেকের মাধ্যমে পুরো টাকা তুলে নেয়। পরে ভুয়া শ্রমিকদের হাতে মাত্র ২ থেকে ৫ হাজার টাকা গুঁজে দেয়া হয়। সরজমিন দেখা যায়, খালের পাড় ভাঙন ধরেছে, মাটি বিক্রি করে দেয়া হয়েছে এবং কোনো বৃক্ষরোপণ বা সরকারি সাইনবোর্ড লাগানো হয়নি।

এমনকি খালের মাটি সরানোর জন্য স্থানীয়দের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগও এসেছে। ঘটনায় ইউপি সদস্য রফিকুল ইসলাম ও পিআইও অফিসের সোলেমান জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নদনা ইউপি চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি আজগর হোসেন সোহেলও ভেকু দিয়ে কাজ করানো ও শ্রমিকদের ৫ হাজার টাকা দেয়ার বিষয়টি মেনে নেন। পিআইও কর্মকর্তা মেশকাতুর রহমান অনিয়মের কথা স্বীকার করে একে “সরকারি কাজের স্বাভাবিক সমন্বয়” বলে দাবি করেন। তবে প্রকল্প তদারকি কমিটির সভাপতি ও সাবেক সোনাইমুড়ী ইউএনও নাছরিন আকতার অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। যদিও জেলা প্রশাসন অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন