মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেয়ার চেষ্টা

ফন্ট সাইজ:

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে গেটে সামান্য আগুন লাগলেও তা দ্রুত নিভে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে কাঁচের জানালা ভাঙচুর করা হয়।

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় কলেজপাড়া এলাকায় সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে।

এ ছাড়াও বাড়ির সামনের মূল ফটকের গেটে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। এ সময় গেটে সামান্য আগুন জ্বললেও তা দ্রুত নিভে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে সাকিবের বাড়িতে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন