রাশিয়ার গভীরে ভয়াবহ হামলা, জ্বলছে দুই শোধনাগার

রাশিয়ার গভীরে ভয়াবহ হামলা, জ্বলছে দুই শোধনাগার

ফন্ট সাইজ:

রাশিয়ার অভ্যন্তরে গভীর এলাকায় অবস্থিত দুটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। একই সঙ্গে কৃষ্ণসাগরে দেশটির দুটি টহল নৌকা এবং তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর একাধিক জাহাজেও হামলার দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার বাশনেফ্ট-নোভোইল এবং স্লাভনেফ্ট-ইয়ানোস তেল শোধনাগার। তার দাবি, মস্কো যুদ্ধ পরিচালনার অর্থ জোগাতে যে তেল আয়ের ওপর নির্ভর করে, তা ব্যাহত করতেই এসব হামলা চালানো হয়েছে।

জেলেনস্কি বলেন, বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রে অবস্থিত বাশনেফ্ট-নোভোইল শোধনাগারটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১,৩০০ কিলোমিটার দূরে এবং স্লাভনেফ্ট-ইয়ানোস শোধনাগারটি প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত।
তিনি আরও বলেন, কৃষ্ণসাগরে দুটি সামরিক টহল নৌকা এবং রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর জাহাজেও আঘাত হানা হয়েছে।

‘শ্যাডো ফ্লিট’ বলতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল রপ্তানিতে ব্যবহৃত ট্যাংকার বহরকে বোঝানো হয়।
জেলেনস্কির ভাষায়, রাশিয়াকে শান্তির পথ বেছে নিতে হবে। আমাদের এসব হামলা কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও জোরদার করছে।

এদিকে রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল এভরায়েভ জানান, ইউক্রেনের “সবচেয়ে বড় ড্রোন হামলার” পর স্লাভনেফ্ট-ইয়ানোস শোধনাগারে আগুন লেগেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
তিনি বলেন, রাতভর ইয়ারোস্লাভল অঞ্চলের আকাশে ৯৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ শোধনাগারের সংরক্ষণ ট্যাংকে পড়ে আগুনের সূত্রপাত হয়েছে।

বিবিসি ভেরিফাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবি যাচাই করে জানিয়েছে, শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। যাচাইকৃত একটি ছবিতে অন্তত চারটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়।
অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার সর্বশেষ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
দেশটির জরুরি সেবা সংস্থা (ডিএসএনএস) জানায়, খারকিভ অঞ্চলের বালাকলিয়া শহরে রাতে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত হন। হামলায় আবাসিক বাড়িঘর লক্ষ্যবস্তু হয় এবং দুটি ভবনে আগুন ধরে যায়।

পরে খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, লোজোভা শহরের রেলস্টেশনে ড্রোন হামলায় আরও দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
এছাড়া বৃহস্পতিবার মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় আরও পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
দক্ষিণাঞ্চলের খেরসন শহরের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর প্রকুদিন জানান, রাতে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার পর পুরো শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এদিকে কৃষ্ণসাগর তীরবর্তী বন্দরনগরী ওডেসায় দুটি শুকনো পণ্যবাহী জাহাজে রুশ হামলায় একজন নিহত হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন