ক্রিস্টিয়ানো রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির মূল্য জানেন? প্রায় ১০ কোটি পাউন্ড

ক্রিস্টিয়ানো রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির মূল্য জানেন? প্রায় ১০ কোটি পাউন্ড

ফন্ট সাইজ:

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো এই সপ্তাহের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে সম্প্রতি তার মনোযোগ ছিল আরেকটি বিষয়ের দিকে। তা হলো তার বহু বহু কোটি পাউন্ড মূল্যের সুপারকার সংগ্রহ। তার সংগ্রহে যেসব গাড়ি আছে তার দাম কত জানেন? বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকার হিসাব অনুযায়ী এর পরিমাণ প্রায় ১০ কোটি পাউন্ড। আন্দাজ করুন এখন বিষয়টি। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ কিংবদন্তি ইনস্টাগ্রামে নিজের বিলাসবহুল গ্যারেজের একটি বিরল ঝলক শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাই টয়েস’। অর্থাৎ আমার খেলনা। সঙ্গে ছিল একটি রকেট ইমোজি। পর্তুগালে তার বিলাসবহুল প্রাসাদের মার্বেল পাথরে মোড়ানো গ্যারেজে সারিবদ্ধভাবে রাখা রয়েছে ঝকঝকে সব সুপারকার। আল-নাসর ও পর্তুগাল জাতীয় দলের অধিনায়কের গ্যারেজটি যেন ব্যাটম্যানের ব্রুস ওয়েনের বিখ্যাত ব্যাটকেভকেও ম্লান করে দেয়।

সংগ্রহের সবচেয়ে মূল্যবান গাড়ি: রোনালদোর সংগ্রহের সেরা আকর্ষণ হলো অত্যন্ত বিরল বুগাত্তি সেন্টোদিয়েচি। এর মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ পাউন্ড। বিশ্বে মাত্র ১০টি সেন্টোদিয়েচি তৈরি হয়েছে। ১৬০০ হর্সপাওয়ারের এই হাইপারকারের পাশেই রয়েছে তার ৫০ লাখ পাউন্ডের বুগাত্তি শিরন এবং ২৫ লাখ পাউন্ডের বুগাত্তি ভেরন গ্র্যান্ড স্পোর্ট ভিতেস।

ফেরারি সংগ্রহও কম নয়: সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্টাস তারকার সংগ্রহে রয়েছে- ফেরারি এসপি৩ ডেটোনা (মূল্য প্রায় ৬০ লাখ পাউন্ড)। ফেরারি মোনজা এসপি১ (প্রায় ৫০ লাখ পাউন্ড)। ফেরারি পুরোসাংগুয়ে এসইউভি (প্রায় ৫ লাখ পাউন্ড)। এটি তিনি পারিবারিকভাবে ব্যবহার করেন। আরও আছে ফেরারি ৫৯৯ জিটিও, যার মূল্য প্রায় ১০ লাখ পাউন্ড।

ফর্মুলা-১ প্রযুক্তির গাড়িও আছে: রোনালদোর গ্যারেজে রয়েছে মার্সিডিজ-এএমজি ওয়ান, যার দাম প্রায় ২৪ লাখ পাউন্ড। এই হাইপারকারে ব্যবহৃত হয়েছে ফর্মুলা-১ প্রযুক্তির ইঞ্জিন। এছাড়া রয়েছে দুটি বিরল ম্যাকলারেন হাইপারকার। তা হলো ম্যাকলারেন স্পিডটেইল (তিন আসনের, মূল্য প্রায় ২৫ লাখ পাউন্ড)। ম্যাকলারেন সেনা, যা তিনি ৭ লাখ ৫০ হাজার পাউন্ডে কিনেছিলেন। বর্তমানে যার মূল্য প্রায় ১২ লাখ পাউন্ড।

মোট সংগ্রহের মূল্য প্রায় ১০ কোটি পাউন্ড: রোনালদোর ইনস্টাগ্রাম পোস্টে দেখা গাড়িগুলোর মোট মূল্য ৩ কোটি ৬০ লাখ পাউন্ডেরও বেশি। তবে ধারণা করা হয়, তার পুরো সংগ্রহে ৪০টিরও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে, যার মোট মূল্য প্রায় ১০ কোটি পাউন্ড। এসব গাড়ির সবটা তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেননি। ঠিক কতটি গাড়ি রয়েছে, সেটি রোনালদো নিজেও নিশ্চিত নন। গত বছর পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি হেসে বলেছিলেন, বাজি ধরতে হলে বলব ৪০ বা ৪১টি...। আসলে আমি নিজেই জানি না।

সবচেয়ে প্রিয় ব্র্যান্ড: কোন গাড়ি তার সবচেয়ে বেশি পছন্দ? রোনালদোর উত্তর ছিল, আমি বুগাত্তি খুব ভালোবাসি। আমার কয়েকটি বুগাত্তি আছে। এগুলো একেবারেই আলাদা ধরনের গাড়ি। আরও যেসব বিলাসবহুল গাড়ি রয়েছে তার সংগ্রহে তা হলো- বুগাত্তি টুরবিয়োঁ (প্রায় ৩২ লাখ পাউন্ড)। ল্যাম্বরগিনি অ্যাভেন্তাদর (২ লাখ ৭০ হাজার পাউন্ড)। বেন্টলি ফ্লাইং স্পার (২ লাখ ৫০ হাজার পাউন্ড)। মার্সিডিজ জি-ওয়াগন ব্রাবাস (৬ লাখ পাউন্ড)।

তিনটি রোলস-রয়েস: এছাড়া ২০২৪ সালে আল-নাসর ক্লাব তাকে ও তার সতীর্থদের উপহার হিসেবে ১ লাখ ৬৪ হাজার পাউন্ড মূল্যের বিএমডব্লিউ এক্সএম এসইউভি দেয়। তবে নিজের গাড়ি নিজেই খুব কম চালান। পিয়ার্স মরগানের সাক্ষাৎকারে রোনালদো আরেকটি চমকপ্রদ তথ্য জানান। তিনি বলেন, আমি প্রায় কখনোই গাড়ি চালাই না। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমি এক সপ্তাহ মাদ্রিদে ছিলাম। কিন্তু গ্যারেজে গিয়ে গাড়িগুলো দেখারও প্রয়োজন মনে করিনি। আমি শহর ছাড়ার দিন দুটি বুগাত্তি সার্ভিসিং থেকে ফিরে আসে। শুধু দেখে নিশ্চিত হয়েছি যে সেগুলো পরিষ্কার ও ঠিকঠাক আছে, তারপর আবার গ্যারেজে রাখা হয়েছে। সত্যি বলতে, এখন আর গাড়ি আমার নেশা নয়।
তবে প্রয়োজন হলে তিনি নিজেই গাড়ি চালান। যেমন, ক্লাব থেকে উপহার পাওয়া বিএমডব্লিউটি একবার নিজেই বাড়িতে নিয়ে গিয়েছিলেন। রোনালদো স্বীকার করেছেন, এখন তিনি অনেক গাড়িই সংগ্রহ ও বিনিয়োগের উদ্দেশ্যে কেনেন। পিয়ার্স মরগানকে তিনি বলেন, তিন সপ্তাহ আগে আমি একটি গাড়ি কিনেছি। এটি সংগ্রহের জন্য। যেন আপনি একটি দামি চিত্রকর্ম কিনছেন। আমি ওই গাড়ি চালাব না। এটি একটি বিনিয়োগ।

তিনি তখন তার নতুন কেনা বুগাত্তি টুরবিয়োঁ-এর কথা বলছিলেন, যার প্রারম্ভিক মূল্য ৩২ লাখ পাউন্ড।
রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ-ও তাকে একাধিক বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। এর মধ্যে রয়েছে- ২০২০ সালে ৩৫তম জন্মদিনে উপহার দেয়া ৬ লাখ ৩০ হাজার পাউন্ডের মার্সিডিজ জি-ওয়াগন ব্রাবাস। ২০২২ সালের বড়দিনে বড় লাল ফিতা দিয়ে সাজানো ২ লাখ ৫০ হাজার পাউন্ডেরও বেশি মূল্যের রোলস-রয়েস ডন। সেই সময় ইনস্টাগ্রামে রোনালদো লিখেছিলেন, এই অসাধারণ চমকের জন্য ধন্যবাদ, আমার ভালোবাসা।

এক প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো আগামী শনিবার তার জন্মস্থান মাদেইরা দ্বীপে জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে পারেন। জানা গেছে, ফুনশালের একটি ক্যাথেড্রাল বিয়ের জন্য বুক করা হয়েছে। আর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হতে পারে কাছাকাছি অবস্থিত পাঁচতারকা সাভয় প্যালেস হোটেলে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন