আমি অবশ্যই বাংলাদেশে ফিরতে চাই- তসলিমা নাসরিন

ফন্ট সাইজ:

বাংলাদেশের নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ৫ দিন কলকাতায় কাটিয়ে বুধবার দিল্লি ফিরেছেন। এর আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন নিজের জন্মভূমিতে ফিরতে না পারার গভীর বেদনার কথা। তসলিমা বলেছেন, অবশ্যই আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। ৩২ বছর ধরে আমি নির্বাসিত জীবন কাটাচ্ছি। কিন্তু আমাকে বাংলাদেশে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। এমন নয় যে, আমি ফিরতে চাই না। তিনি বলেছেন- আমার পাসপোর্ট নবায়ন করা হয়নি। তাই আপাতত আমি ভারতেই থাকবো। তিনি আরও দাবি করেন, সুইডিশ পাসপোর্ট থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে প্রবেশের ভিসা দেয়া হচ্ছে না।

কলকাতায় কাটানো সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, শহরটি তাকে উষ্ণতা ও ভালোবাসায় বরণ করে নিয়েছে, যা তাকে গভীরভাবে আপ্লুত করেছে। তিনি বলেন, কলকাতাকে নিয়ে আমার চমৎকার সব স্মৃতি রয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা আমার চোখে জল এনে দিয়েছে। তিনি আরও বলেন যে, কলকাতা থেকে আমন্ত্রণ পেলে তিনি সানন্দে ফিরে আসবেন। জানুয়ারিতে কলকাতা আন্তর্জাতিক বইমেলার সময় আবারো আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে, নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন মঙ্গলবার বেগম রোকেয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এক সমাবেশে বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত।

গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার ক্রমবর্ধমান প্রভাবেরও নিন্দা জানান। বলেন, নারী অধিকার ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন