চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কন্টেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস দ্রুত ও নিরাপদে উদ্ধার করায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) আনুষ্ঠানিকভাবে প্রশংসা জানিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম। গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের কাছে পাঠানো এক ‘লেটার অব অ্যাপ্রিসিয়েশন’-এ প্রতিষ্ঠানটির ফ্রান্স সদর দপ্তরের ভাইস প্রেসিডেন্ট মোরেও জেভিয়ার এবং সিঙ্গাপুর কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক অ্যাকার্ড ফ্রাঁসোয়া-জেভিয়ার যৌথভাবে স্বাক্ষর করেন। বুধবার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, জাহাজটি কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অল্প সময়ের মধ্যে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ অভিযানে বন্দর কর্তৃপক্ষের দক্ষতা ও সমন্বিত কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে সিএমএ সিজিএম। প্রশংসাপত্রে বলা হয়, দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তাৎক্ষণিক সাড়া, কার্যকর দিকনির্দেশনা এবং মেরিন বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার।
বিশেষভাবে সদস্য (হারবার ও মেরিন), হারবার মাস্টার, ডক মাস্টার এবং জ্যেষ্ঠ পাইলটদের পেশাদারিত্ব ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ সহায়তা দেয়ায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। চিঠিতে আরও উল্লেখ করা হয়, জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের সক্ষমতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশের সামুদ্রিক খাতের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
