শহীদদের স্মরণে তাদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে দিনের শুরুতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে ঢল নামে ছাত্র-জনতার। ছাত্রদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ দলবেঁধে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। দিনব্যাপী জেলা জুড়ে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয় দিবসটি। বুধবার সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জুলাইযোদ্ধা, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। পরে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাইযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে জাতীয় ছাত্রসমাজ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার প্রেস ক্লাবের কনফারেন্স হলে দিনটি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি আবদাল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন ছাত্র সংগঠনের জেলা নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদিকে দিনটি স্মরণে বিকালে মৌলভীবাজার প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
ধোবাউড়া (ময়মনসিংহ): ময়মনসিংহের ধোবাউড়ায় প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজল।
কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা ও পৌর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পৌর বিএনপি’র আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার। বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার, উখিয়া: কক্সবাজারের উখিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান উল্লাহ সিকদার, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার ওসি আতিকুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলতান আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদানের কথা স্মরণ করেন।
স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লা- ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্টের বিদায়ের পর একটি পক্ষের গায়েবি মামলা, মামলা নিয়ে ব্যবসা ও মূল অপরাধীদের আশ্রয় দিয়ে সাধারণ মানুষের কাছে আমাদের অসম্মানিত করেছে। এটা নিয়ে আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি হয়েছে। বিএনপি সরকার সঠিক পথে আগাচ্ছে, মূল অপরাধীদের রেখে চার্জশিট দিচ্ছে। বুধবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারাই এখন দেশপ্রেমের দীক্ষা দিচ্ছে। তারাই জনগণকে শিখাচ্ছে দেশপ্রেমের বয়ান। জুলাইযোদ্ধাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি খুব ব্যথিত জুলাইযোদ্ধারা। এতো সকালে আমরা তাদের ভুলে যেতে বসেছি। আমরা জুলাইযোদ্ধাদের প্রকৃত সম্মান দিতে পারিনি। সকল জুলাই শহীদ, আহত যোদ্ধা, যারা পঙ্গুত্ব বরণ করেছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আমি জুলাইকে বিশ্বাস করি, স্মরণ করি, যেমনিভাবে বিশ্বাস করি কালিমা তাইয়্যেবাকে। ঈমানী দায়িত্ব নিয়ে বিশ্বাস করি জুলাই যুদ্ধ আমাদের অর্জন, জুলাই যুদ্ধ বাংলাদেশে গণতন্ত্রের অর্জন।
এর আগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি টাউনহল থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির, দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভূঁইয়া, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, শহীদ সাদমানের মা কাজী শারমিন, শহীদ মাসুমের বাবা শাহীন মিয়াসহ জুলাইযোদ্ধা, আহত ও নিহতেদের পরিবারের সদস্যরা।
খাগড়াছড়ি: জুলাই গণ-অভ্যুত্থানের সব বীর যোদ্ধাদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষ। সকাল খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়। শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ ও বীর সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এরপর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ): গণতন্ত্র পুনরুদ্ধারে ১৭ বছরের অবিরাম সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’Ñ শীষর্ক আলোচনা সভা ও শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি। উপজেলা বিএনপির’র ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, জুলাই গণ-অভ্যুত্থানের সক্রিয় নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): জুলাই গণ-অভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোছাইন, উপজেলা কৃষি কর্মকর্তা যোবায়ের আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা বিএনপি’র সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, জামায়াতের উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ সভাপতি আবু সুফিয়ান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্নয়ক মামুন মজুমদার, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাখাওয়াত হোসেন শাহাদাতের শ্যালক ক্যাপ্টেন (অব:) আমজাদ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী প্রমুখ।
