ঝালকাঠির রাজাপুরে একটি বসতঘরে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় ঘরের গৃহবধূ এক চোরকে আটকানোর চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের আঙ্গুুল কামড়ে ধরলে চোরের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আঙ্গুল রেখে সহযোগীদের সহায়তায় পালিয়ে যায় চোর। পালানোর সময় দু’টি মোবাইল ফোন নিয়ে যায় চোরের দল। গতকাল দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে ঘরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ঘুম ভেঙে গেলে গৃহবধূ চোরদের উপস্থিতি টের পান। তিনি সাহসিকতার সঙ্গে এক চোরকে জাপটে ধরেন এবং ধস্তাধস্তির সময় তার আঙ্গুল কামড়ে ধরে আটকে রাখার চেষ্টা করেন। পরিবারের সদস্যদের ভাষ্য, গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই চোরের অন্য সহযোগীরা এগিয়ে এসে তাকে ছাড়িয়ে নেয়।
পরে চোরের দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দু’টি দামি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
