ময়মনসিংহে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহ নগরীতে বৈদ্যুতিক গোলযোগে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ময়মুনা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর গাঙ্গিনারপার এলাকার রামবাবু রোডের নূরজাহান ভিলা নামের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ময়মুনা জেলার মুক্তাগাছার খিলবাড়ি গ্রামে মোসলেম উদ্দিনো স্ত্রী। তারা সপরিবারে নুরজাহান ভিলার দু’তলায় ভাড়ায় বসবাস করতেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে নুরজাহান ভিলার সিঁড়ি কোঠায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ময়মুনা দু’তলা থেকে ৪ তলায় উঠে অতিরিক্ত ধোঁয়ার কারণে নিশ্বাস বন্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের দল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ১২টার দিকে ময়মুনাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টার দিকে নুরজাহান ভিলার নিচতলা সিঁড়ি কোঠার মিটার থেকে পাশে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুন দু’তলায় ছড়িয়ে পড়ে। এ সময় প্রাণ বাঁচাতে সকল ভাড়াটিয়া ৫ তলায় উঠে যায়। এদিকে, ময়মুনার পুত্রবধূ দুই সন্তান নিয়ে পাঁচতলায় উঠে যায়। তবে, বৃদ্ধ শাশুড়ি ময়মুনা একা একা চার তলায় উঠতেই ধোঁয়ার কারণে নিশ্বাস বন্ধ হয়ে লুটিয়ে পড়েন।

এ ঘটনায় দু’টি মোটরসাইকেল পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই বাসায় আগে থেকেই বিদ্যুতের সমস্যা ছিল। বাড়ির লোকজন বিদ্যুৎ বিভাগে লিখিত ও মৌখিক অভিযোগ করে। তবে, বিদ্যুৎ বিভাগের কোনো লোকজন খোঁজখবর নেয়নি। যে কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের। এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সুব্রত রায় বলেন, আমরা ওই বাসা থেকে এমন কোনো অভিযোগ পাইনি। অতিরিক্ত লোডের কারণে মিটারে আগুন লেগে এমন ঘটনা ঘটতে পারে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েত বলেন, মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন