সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

ফন্ট সাইজ:

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার ভোর ৬টা ১ মিনিটে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনের শুরুতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আহত জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন সিসিক প্রশাসক। সকালে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীমসহ সিনিয়র নেতারাও পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অনেক রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ই আগস্ট দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাই এ দেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা করলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। তিনি বলেন, ৪ঠা আগস্ট সিলেটে ফ্যাসিস্ট শক্তি রক্তের হোলিখেলায় মেতে উঠেছিল। সেদিন আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, অনেকে আহত হয়েছেন, কেউ কেউ চিরতরে পঙ্গুত্ববরণ করেছেন। গোলাপগঞ্জ, বিয়ানীবাজারে এবং সিলেটে অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেটের সিভিল সার্জন ডা. মাহবুবুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো.আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নুসরাত লায়লা নীরা, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন