নাটোরের লালপুরে এম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির ত্রিমুখী সংঘর্ষে মো. ইয়ারুল ইসলাম (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ারুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীন লেজু ঘোষের ছোট ছেলে। আহতরা হলেনÑ একই গ্রামের মৃত লোকমান আলীর ছেলে মো. সাজদার রহমান (৪৫) ও মো. আক্কাস ঘোষের ছেলে মো. সাইদুল ইসলাম বাবু ঘোষ (৩৫)।
স্থানীয়রা জানান, ভোরে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে ইয়ারুলসহ সাজদার ও সাইদুল পাশের ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের কাজে যাচ্ছিলেন। নবীনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি এম্বুলেন্স অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়ারুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত সাইদুল ইসলাম ও সাজদার রহমানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে স্বজনদের জানিয়েছেন রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে জানান, মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার শিকার একটি অটোভ্যান, একটি এম্বুলেন্স ও একটি শ্যালোচালিত কুত্তা গাড়ি জব্দ করা হয়েছে।
