ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের দরগাহ ফিলিং স্টেশন এলাকা থেকে ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ ফারুক হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)। বুধবার ভোর রাতে তাকে আটক করা হয়। আটক ফারুক কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে। বিজিবি জানায়, গোপন খবরের পাচারকারীর অবস্থান জানতে পেরে বিজিবি’র একটি দল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশন এলাকা থেকে ফারুক হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন ৫২৯.৬৪ গ্রাম।
যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। স্বর্ণের চালানটি ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তে নিয়ে যাচ্ছিলেন বলে জানায় বিজিবি। যশোর ৪৯ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দরগাহ ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে।
