পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একনেকের বৈঠকে ১৪৯২ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করেছেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ব্যাপক উন্নয়ন হবে। এ প্রকল্প শুধুমাত্র এই অঞ্চলের জন্য নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে নতুন দিগন্ত তৈরি হবে। অবকাঠামো উন্নয়নের জন্য এলজিইডি স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্টের কাজ করে যাচ্ছে। তিনি বুধবার দুপুরে পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণের ৬ তলা ভবনের ৩ তলা অবকাঠামো উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, এর আগে বোদা উপজেলার ঝলই শালশিরি এলাকায় একটি ব্রিজ উদ্বোধন করতে গিয়েছিলাম।
সেটির প্রস্থ ছিল ১৮ ফুট আর রাস্তা হলো ১২ ফিট। ব্রিজ পার হওয়ার পর আর কোনো রাস্তা নেই। এরকম ঘটনা যেন আর না ঘটে। ফ্যাসিস্ট আমলে যারা এসব কাজ করেছেন তাদের চিহ্নিত করবেন। তিনি বলেন, দুর্নীতিকে জিরো টলারেন্সে সহনীয় পর্যায়ে নিয়ে এসে আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশ শহীদ জিয়াউর রহমান ধারণ করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছিলেন।
সেটা বাস্তবায়ন করতে চায় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এলজিইডি’র বাস্তবায়নে ৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করছে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রশাসনিক ভবনটি নির্মাণ করা হলে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ তৈরি হবে। পঞ্চগড় জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভায় তাদের কাজের পরিবেশে কর্মচাঞ্চল্য হয়ে ওঠবে।
