ফরিদপুরের সালথায় ইঁদুরের গর্তে হাত ও পা দিতে গিয়ে সাপের দংশনে সরস্বতী মণ্ডল (৪২) নামে এক নারী ও সাকিবা আক্তার নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ওই নারী ও শিশুটি মারা যায়। সরস্বতী উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী ও শিশু সাকিবা একই ইউনিয়নের সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্যার মেয়ে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খন্দকার সাইফুর রহমান। সরস্বতীর পরিবার জানান, সকালে বাড়ির পাশে গিয়ে কাজ করার সময় একটি ইঁদুরের গর্তে পা ঢুকিয়ে দেন সরস্বতী। এ সময় ওই গর্তে থাকা একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে মৃত শিশু সাকিবার পরিবার জানান, দুপুরে সোনাতন্দী গ্রামে নিজ বাড়ির পাশে খেলাধুলার সময় ইঁদুরের গর্তে হাত দিলে বিষাক্ত সাপে দংশন করে। পরে স্থানীয়রা তাকে কবিরাজের কাছে নিলে পরীক্ষা করে সাপের দংশনের কোনো আলামত নেই বলে জানান। কিন্তু শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
