চেক ডিজঅনার মামলায় প্রখ্যাত লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ২০২৩ সালের ১৫ই মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন। এরপর থেকে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের পরোয়ানার ভিত্তিতে সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ মুজিব পরদেশীকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার তাকে ঢাকার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের আইনজীবী এসআই হেলাল উদ্দিন জানান, শুনানির সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করে আদালতে বলেন, মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে জামিন দিলে বাদীপক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ অবস্থায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
