সম্প্রতি জমকালো আয়োজনে হয়ে গেল মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত অনুষ্ঠান। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। অন্যদিকে, ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। এর মাধ্যমে এই প্রথম এফডিসি’র বাণিজ্যিক ঘরানার ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন বাঁধন। এ অভিনেত্রী জানান, ‘গুলশানের চামেলি’ সিনেমায় কাজ করতে রাজি হওয়াটা আমার জন্য সত্যিই খুব কঠিন একটি সিদ্ধান্ত ছিল। তবে গল্পটি আমার খুব ভালো লেগেছে। আর এ পর্যন্ত পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটিও আমি আন্তরিকভাবে মূল্যায়ন করি।
তার ভাষায়, বছরের পর বছর আমি অনেক পরিচালকের সঙ্গে, নানা ধরনের প্রযোজনায় কাজ করেছি। প্রতিটি অভিজ্ঞতা আমাকে কিছু না কিছু শিখিয়েছে। কিছু অভিজ্ঞতা ছিল ভালো, কিছু ছিল কঠিন। তবে সবকিছুই আজকের আমাকে গড়ে তুলতে ভূমিকা রেখেছে। এখান থেকেও অভিনয় সঞ্চয়ের চেষ্টা করবেন বলেও জানান অভিনেত্রী। এদিকে জানা গেছে, ছবিটির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বরে। তার আগে নিজেকে প্রস্তুত করতে চান বাঁধন। তিনি বলেন, যেহেতু এটা পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি, তাই গল্প ও চরিত্রের টোনটা আলাদা হবে। যার জন্য প্রস্তুতির দরকার রয়েছে। এরইমধ্যে সেটা শুরু করেছি আমি। আমি বিশ্বাস করি, দারুণ একটি টিমের সঙ্গে একটি ভালো কাজ হতে চলেছে। শুটিং করার জন্যও মুখিয়ে আছি। দেখা যাক কি হয়!
