বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সেই ধারায় এবার দক্ষিণ আফ্রিকার জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রতিযোগিতার অন্যতম সফল দল সানরাইজার্স ইস্টার্ন কেপ তাকে নিজেদের স্কোয়াডে ভিড়িয়েছে। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার এই শীর্ষ লীগে মাঠে নামার হাতছানি রয়েছে তার সামনে। টুর্নামেন্টের সফল ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের সাবেক হেড কোচ রাসেল ডমিঙ্গো।
মূলত তার নজর থেকেই রিশাদকে দলে নেয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে জানা যায়। সানরাইজার্স ইস্টার্ন কেপ রিশাদের পাশাপাশি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে অন্তর্ভুক্ত করেছে। এর আগে গত মৌসুমে তাইজুল ইসলাম দল পেলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি। ফলে রিশাদই হতে যাচ্ছেন এই লীগে খেলা প্রথম কোনো লাল-সবুজের প্রতিনিধি। ক্যারিয়ারে পাকিস্তান প্রিমিয়ার লীগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগে দুর্দান্ত পারফর্ম করে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন এই টাইগার স্পিনার। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ১২ উইকেটের পর বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের জার্সিতে ১১ ইনিংসে ১৫ উইকেট শিকার করে নজর কাড়েন রিশাদ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেই ধারাবাহিকতারই স্বীকৃতি মিললো এবার আফ্রিকান এই টুর্নামেন্টে। আগামী ৯ই জানুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টির পরবর্তী আসর। তবে একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। ফলে এই আফ্রিকান লীগে অংশ নিলে আরও একবার দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মিস করতে পারেন রিশাদ। এর আগে গত বিপিএলেও না খেলে বিগ ব্যাশ বেছে নেন এই তারকা লেগ স্পিনার।
