বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ডান পায়ের কাফের চোটে ছিটকে গেলেন স্ট্যান্ডবাই হিসেবে থাকা পেসার মাইকেল নেসার। একইসঙ্গে উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশও পিঠের চোটে ভুগছেন, যদিও তাকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের অনুশীলনের সময় ডান কাফে চোট পান নেসার। এই চোট থেকে সেরে উঠতে তার কয়েক সপ্তাহ লাগবে। ফলে ডারউইনে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টপ অ্যান্ড সিরিজে খেলার আশা শেষ হয়ে গেল তার। তবে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অ্যাশেজে ১৫ উইকেট শিকার করেছিলেন নেসার। হোম গ্রাউন্ড গ্যাবায় নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট।
এ ছাড়া, মেলবোর্ন ও সিডনিতে জোড়া চার উইকেট শিকার করেছিলেন ৩৬ বছর বয়সী এই পেসার। বাংলাদেশ সিরিজের আগে অনুশীলন করছিলেন পুরো উদ্যমে। কিন্তু শেষ পর্যন্ত ছিটকে যেতে হলো তাকে। এদিকে, সোমবার অ্যালান বর্ডার ফিল্ডে অনুশীলনের সময় পিঠে টান অনুভব করেন জশ ইংলিশ। পরে মাঠ ছাড়লেও অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফ মনে করছে, কয়েক দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন। যদিও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা খুবই কম। মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার এবং উইকেটরক্ষক হিসেবে অ্যালেক্স কেরিকেই এগিয়ে রাখা হচ্ছে।
অনুশীলন ম্যাচে ব্যাট হাতে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্নাস লাবুশেন। ৬২ রান করার পর অন্যদের সুযোগ দিতে অবসর নেন তিনি। ওপেনার জেক ওয়েদারাল্ড করেন ৫২ রান, পরে নাথান লিয়নের বলে স্টাম্পড হন। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরা অফ স্পিনার লিয়ন অনুশীলন ম্যাচে তিনটি উইকেট তুলে নেন। অন্যদিকে, অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড প্রত্যেকে ১০ ওভার করে বোলিং করেন নিজেদের ছন্দ ফিরে পেতে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ম্যাকেতে।
