নিষেধাজ্ঞার বেড়াজালে আটকা থাকার কারণে দলবদল কার্যক্রমে অংশ নিতে পারছে না চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী লিমিটেড। আবাহনীর নিষেধাজ্ঞা কাটানোর চেষ্টা করলেও কিংসের কোনো খবর পাওয়া যাচ্ছে না। লীগের শীর্ষ দুই ক্লাবের অনুপস্থিতে এএফসি চ্যালেঞ্জ লীগের প্লে-অফ খেলছে তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দুই দল ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে দলবদলেও এগিয়ে এই দুই দল। এরই মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। সেনেগাল জাতীয় দলে খেলা তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ রাসুল বা-কে দলে ভিড়িয়েছে ক্লাবটি। ২৫ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ড সেনেগালের জাতীয় দলের জার্সিতে ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এক গোল করেছেন।
গত মৌসুমের মাঝপথের দলবদলেও রাসুলকে দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছিল পুলিশ এফসি। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা সফল হয়নি। পরে তিনি ভুটানের পারো এফসি ছেড়ে যোগ দেন আল রাওদাহ এফসি-তে। এবার আল রাওদাহর সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে বাংলাদেশে আসছেন এই সেনেগালি ফরোয়ার্ড। ভুটানের পারো এফসি’র হয়ে দুর্দান্ত খেলেছেন রাসুল বা। ভুটান প্রিমিয়ার লীগের শিরোপাজয়ী সেই মৌসুমে তিনি ১৪টি গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার গোল করার দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা পুলিশ এফসি’র আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে ক্লাবটি।
