প্রস্তুতি ম্যাচ দিয়েই নিজেদের প্রস্তুত করতে চায় টাইগাররা

ফন্ট সাইজ:

দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ই আগস্ট ডারউইনে মূল লড়াই শুরু হওয়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে টাইগাররা। ডারউইনে শুরু হতে যাওয়া তিনদিনের এই ম্যাচে প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ক্যাঙ্গারুদের কন্ডিশন সব সময়ই এশিয়ার দলগুলোর জন্য বড় পরীক্ষা, বিশেষ করে বাড়তি বাউন্স ও পেসের সঙ্গে মানিয়ে নেয়াটা ব্যাটারদের জন্য মূল চ্যালেঞ্জ।

দলীয় প্রস্তুতি নিয়ে টাইগার পেসার হাসান মাহমুদ জানিয়েছেন তাদের লক্ষ্যের কথা। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের প্র্যাকটিস গেমটা ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কন্ডিশনের সঙ্গে পিচের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য এটা অনেক কাজে দেবে।’ বাংলাদেশ শিবিরের চোটের কারণে দলের অন্যতম গতি তারকা নাহিদ রানা সিরিজ থেকে ছিটকে গেছেন, যা পেস আক্রমণে মারাত্মক ধাক্কা। প্রথম টেস্টে থাকছেন না বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। তবে বড় স্বস্তির খবর হলো, পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে শেষ করে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। এই প্রস্তুতি ম্যাচেই লিটন ও বাকি ব্যাটাররা নিজেদের ছন্দ খুঁজে নেয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে, ইনজুরিতে পড়া টম রজার্সের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে জ্যাক ক্লেটনকে। এই প্রস্তুতি ম্যাচটি সফলভাবে শেষ হওয়ার পর মূল টেস্ট সিরিজ শুরু হওয়ার পূর্বে বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনের জন্য আরও দু’দিন বাড়তি সুযোগ পাবে।

ঘরের মাঠে অজিদের হারানোর গৌরবোজ্জ্বল অতীত রেকর্ড থাকলেও, তাদের নিজস্ব মাঠে লাল বলের টেস্টে ভালো করা টাইগারদের জন্য সব সময়ই অনেক বড় পরীক্ষা। ডারউইনের কন্ডিশন ও উইকেটে এই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেবে মূল সিরিজে বাংলাদেশের ক্রিকেটাররা কতোটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে। দলের পরবর্তী পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে হাসান বলেন, ‘এরপর আমাদের সামনে আরও অনেক টাস্ক এবং সেশন আছে। আশা করি, সবাই তাদের প্রিপারেশনটা নিতে পারবে এবং আমরা ভালো একটা স্টার্ট পাবো।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন