বেশ কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার ‘নর্দার্ন টেরিটরি ক্রিকেট’ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়ে আসছে বাংলাদেশের একটি দল। গতকাল এই আসরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১০ দিনের টুর্নামেন্টে অংশ নেবে ৯ দল। যার মধ্যে রয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলও। প্রত্যেকে একে অপরের মুখোমুখি না হলেও কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ থাকছে অংশগ্রহণকারী দলগুলোর। ২১শে আগস্ট এনটি স্ট্রাইকস-এসিটি কোমেটস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশ এইচপি অভিযান শুরু করবে পরের দিন। ২২শে আগস্ট বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে এইচপি-নেপাল ম্যাচ। ২৫ আগস্ট পর্যন্ত টানা খেলতে হবে এইচপি দলকে।
এই তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হোবার্ট হারিকেন্স, ভিক্টোরিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্স। এইচপি-হোবার্ট হারিকেন্স ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়। ভিক্টোরিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে এইচপির এই দুই ম্যাচ মাঠে গড়াবে সকাল ১১টা ও বেলা ৩টা ৩০ মিনিটে। এক দিন বিরতি দিয়ে এইচপি ২৭শে আগস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। ২৮শে আগস্ট এনটি স্ট্রাইকের বিপক্ষে ম্যাচ দিয়ে লীগ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এইচপির গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে এইচপি দুটি ম্যাচ খেলবে মিরপুরে।
ঘরের মাঠে এইচপি সেই দুই ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ৮ ও ১০ই আগস্ট হবে এইচপি-মালয়েশিয়া দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এখন পর্যন্ত তিনবার টপ এন্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এইচপি। ২০২৪ সালে প্রথমবারের মতো অংশ নিয়ে রানার্সআপ হয়েছে তারা। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি সেবার জিতেছে শিরোপা। এইচপির এটাই সর্বোচ্চ সাফল্য।
