ডিসেম্বরে ঢাকায় পাঁচ জাতি হকি টুর্নামেন্ট

ফন্ট সাইজ:

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি এ বছরের ডিসেম্বরে একটি পাঁচ জাতি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শনকালে এ ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড পরিদর্শন করেছেন ইশতিয়াক সাদেক। পরিদর্শনকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন-চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ইশতিয়াক সাদেক।

এসময় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, চলতি বছরের ডিসেম্বরেই ঢাকায় আন্তর্জাতিক হকির একটি বড় আসর বসতে পারে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি তাইয়্যব ইকরামের সঙ্গে বিএইচএফ সভাপতির সাম্প্রতিক সাক্ষাতে ‘৫ জাতির আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট’ নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। ইশতিয়াক সাদেক বলেন, ‘সম্প্রতি ওমানে আমাদের ফেডারেশন সভাপতি এফআইএইচ সভাপতি তাইয়্যব ইকরামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে, ইনশাআল্লাহ ডিসেম্বরের শুরুতেই ঢাকায় একটি ৫ জাতির আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট হতে যাচ্ছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন