দ্বীপ উপজেলা হাতিয়ার ইসলাম চর সংলগ্ন নদীতে অবৈধ ঘের তৈরির বিরুদ্ধে নৌ-পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ২২ জনকে আটক করা হয়।
মঙ্গলবার উপজেলার ইসলাম চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার তাদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। নৌ-পুলিশ ও নলচিরা বনবিভাগের সূত্রে জানা যায়, হাতিয়াধীন ইসলাম চর এলাকায় বহিরাগত কতিপয় ব্যক্তি অবৈধভাবে স্থানীয় বনের কেওড়া-গেওয়া গাছ ও ডাল দিয়ে নদীতে ঘের তৈরি করে বিপুল পরিমাণ মাছ শিকার করছে। এতে করে বোলগেট, কার্গোসহ বিভিন্ন নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রায় দুর্ঘটনাও ঘটছে। এসব অবৈধ ঘেরে বালি ও পলি আটকে নদীর নাব্য হারাচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছে উন্মুক্ত এ নদীর মাছ ধরার সুবিধা থেকে। তাই এ অবৈধ ঘের তৈরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
নলচিরা রেঞ্জের বিট কর্মকর্তা বাবুল হক জানান, বহিরাগত এসব অভিযুক্তরা ইসলাম চরে অবৈধভাবে বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে নদীতে ঘের তৈরি করে মাছ শিকার করছে। তাই তাদেরকে আটকের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।
হাতিয়া উপজেলার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, নদীতে অবৈধ ঘের তৈরিতে বোলগেট, কার্গোসহ বিভিন্ন নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে এদেরকে আটক করা হয়।
