পূর্বধলায় নানা আয়োজনে ‘জুলাই দিবস’ পালিত

পূর্বধলায় নানা আয়োজনে ‘জুলাই দিবস’ পালিত

ফন্ট সাইজ:

নেত্রকোনার পূর্বধলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২৬ এর জাতীয় সংসদ সদস্য মানসুরা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মানসুরা আক্তার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের ত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তাই সকলের মতামতের প্রেক্ষিতে আজকের অনুষ্ঠানটি জেলা পরিষদ অডিটরিয়ামের পরিবর্তে উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে উপজেলা প্রশাসনকে জনগণের কল্যাণে আরও নিবেদিতভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, এমএ মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, সাবেক চেয়ারম্যান আহমদ আলী সরকার, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, রুহুল আমিন ফকির, সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাশিদ, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে বি এম নোমান শাহরিয়ার, সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আমিনুল হক লিমন, বৈষম্যবিরোধী আন্দোলনের ইউসুফ খান ফুয়াদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন